তোমাকে পাবো সেই আশায় বৃত্ত কাটি
নাসিমা খান
তোমাকে পাবো এমন আশায়
প্রতিদিন একটি করে গিট কাটি
ধারালো অস্ত্রে একটি করে বন্ধন কাটি
প্রতিদিন গভীর রাত্রি অবধি প্রার্থনা করি
তোমাকে পেতে হলে জানিনা আর কী সব ছিড়তে হবে!
জন্মে মায়ের সাথে বন্ধন ছিন্ন হয়েছিলো
নাড়ী কেঁটে বাঁশের চোঁচ দিয়ে,
অদৃশ্য অনুভূতির মমতায় জড়িয়ে ছিলাম
মার মৃত্যুতেই কেটে গিয়েছিলো মমতার বাঁধন,
মাকে খুব আর মনে নেই!
অদৃশ্য অনুভূতির উপর দাঁড়িয়ে অপেক্ষা করি
তোমাকে পাবো হয়তো একদিন!
স্পর্শে সব পাওয়া পূর্ণতা পায়
আমি বিশ্বাস করি!
হোঁচট খেতে খেতে দেখেছি স্পর্শ হারিয়ে গেলে
প্রাপকও হারিয়ে যায় চিরকালের জন্য!
প্রাচীন প্রবাদে বলেছে স্পর্শ ছাড়াও প্রেম হয়
আমি স্পষ্ট ভাষায় বলছি না স্পর্শহীনতায় প্রেম মরে যায়,পাণ্ডুর ফ্যাকাসে হয়ে যায়!
আমি তোমাকে ছুঁয়ে থাকতে চাই অনন্তকাল ধরে
তোমার আঙুল ধরে,কনুইয়ের ভাঁজে কনুই রেখে
চলতে চাই!
গোলাকার পৃথিবীতে হয়তো আবার আমরা ছুঁয়ে
থাকবো একে অপরের হাত!
মানুষ গিট বাঁধে,আর আমি তোমাকে পাবার
জন্য প্রতিদিন একটি করে গিট খুলি
সংসারের গিট কাটি
পরিবেশের গিট কাটি
সমাজের গিট কাটি
এই গোলাকার বৃত্তে আটকে পড়া আমি
প্রতিদিন বৃত্তের গিট কাটি!
