সব আছে,শুধু তুমি নেই
নাসিমা খান
আমি ফিরে যেতে যেতে তাকিয়েছি
ডাকোনি, থমকে দাঁড়িয়ে ভেবেছি
বলবে,ভুল হয়েছে, ফিরে এসো।
তুমি ভুল করে ফোনের ব্লক খোলোনি
ম্যাসেজ অপশনে দেখোনি হলুদ খাম
তোমার এনাউন্সমেন্ট দেখি,আর ভাবি
নীতি আর নিয়মের সেবক তুমি আজ
অথচ অনিয়মের বলয়ে আটকে নিয়েছো
আমাকে পরিত্রাণ দিয়েছো খুশির হুল্লোড়ে
ফিরে আসোনি আমার অস্তিত্ব ছুঁয়ে দেখতে!
তোমার দেওয়া পোশাকের সুতোগুলো
ম্লানমুখে তাকিয়ে থাকে পথের উপর
শরীরের বন্ধুর পথে নোঙ্গর করে
জীয়ন কাঠির মতো আটকে রাখি
অন্ধকার ঘরে নাকের উপর চেপে ধরে
ওয়ান ম্যান সো এর সুগন্ধ খুঁজি
হায়রে পোড়া মন,পুরনো গন্ধ আছে
কেবল পুরনো সেই তুমি নেই!
সেই ডাব-ওয়ালা, সেই কফিশপ
সব তেমন তেমন শুধু তুমি নেই!
রেললাইনের পাশ দিয়ে তুমি হেঁটে যেতে
আমিও হাঁটি এখন বিষন্নতার ঘোরে
উঁকি মেরে বলোনা আর,আমি আছি!
আধমরা বগিগুলো চিৎ হয়ে আছে
দুএকজন বদরাগী মানুষের চিৎকার,
দূর থেকে ভেসে আসে মরদের হুঙ্কার
আমি দাঁড়িয়ে অপেক্ষা করি আর শুনি
নগরের জীবনের কোলাহল ব্যস্ত শব্দগুলো
আর পায়ের নীচে হলুদাভ দলে যাওয়া ঘাস
থপাস করে আগের মত পড়ে যায় নিথর একা!
এতকিছু পেরিয়ে উদাসীন মনের পালক
ক্লান্ত পশম ফেলে খুঁজে মরে তোমার মুখ,
হারানোর ব্যথায় কুঁকড়ে যায় বিরহী অসুখ
ব্যর্থতার গ্লানিবোধটুকু কষ্টে নীল হয়ে যায়,
আমিত্ব হাতড়ে মরি আমার শরীর বাঁকে
সবটুকুতে দেখি কলাবাগানের অফিস ঘর
শাহাবাগের মোড়,কাকরাইলের চৌমাথা
আমি অথবা তুমি লীন হয়ে ঝুপ করে ডুবি
রূপসা ব্রীজের নীচে বকুলের ফুল মালা নিয়ে
ঐ অস্তাচলের রবীর আগুন সাথে ভৈরব মাঝে!
No comments:
Post a Comment