Sunday, November 3, 2019

তোমাকে আজ বিদায় দিয়েছি

তোমাকে আজ বিদায় দিয়েছি

         

            নাসিমা খান

অনেক সময় হয়ে গেছে তুমি চলে গেছো 
অবোধ চোখের কোণে অশ্রু টলমল ছিল, 
পথ আগলে দাঁড়িয়ে ছিলাম বহুদিন ধরে 
তোমাকে ছাড়া অসহ্য সময় যাচ্ছিল বয়ে!

প্রবঞ্চনার সুরা পান করে করে ক্লান্ত হয়েছি
ফিরে গেছো,কিন্তু আবার আসবে না ভাবিনি 
অপেক্ষার শরীরে মরিচা ধরে জং ধরে গেছে 
আমিও ক্লান্ত অবসন্ন হয়ে নির্বাক হয়ে আছি!  

সপ্ত ইন্দ্রিয় বুঝে নিয়েছে প্রবঞ্চক ফিরে আসেনা 
স্বেচ্ছায় ফেলে দিয়েছো যারে, বিদায় হয়নি তার
নিজের কাছ থেকে নিজেকে বিদায় দিলাম তাই
মুক্তির উপায় চেয়েছিলে বলে মুক্তি দিলাম আজ!

অশ্রু মোছা যায় না,যতদিন দৃষ্টি দেখে সৃষ্টির শোভা
সবুজবীথি, নদী,আকাশ, মাটি সব কিছু আমার,
সবকিছুর পরেও অসীম দুঃখবোধ তুমি আর নেই 
কলিজা ছিড়েখুঁড়ে আজ বিদায় দিলাম অনিচ্ছায়!

No comments: