তোমরা জেগে ওঠো তাই!
মহম্মদ ঘোরী শাহ্
তোমরা জেগে উঠো তাই-সকালটা হয় এতো নির্মল,
ক্ষমতার বিভোরে প্রশাখা ছড়ানো
মহিরুহে তলায়,
হাসে সাহসের শিশির স্নাত তৃণফুল।
তোমরা জেগে উঠো তাই-
শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে
কেবলই ঘেমে যায়,
সততার মুখোশ পরা দূর্নীতিবাজ।
তোমরা জেগে উঠো তাই-
কাঁপন লাগে ক্ষমতার কংক্রিটে,
কেবলই খষে খষে পড়ে
অনাচারের ইমারত।
তোমরা নির্ভীক কলম চালাও তাই-
ওরা ভয় পায়,
পাগলা হাতীর মত করে তাণ্ডব
ভাঙে আপন আবাস।
তোমরা জেগে উঠো তাই-
জেগে উঠে দর্পণে
প্রকৃত প্রতিকৃতি,
তাই বারবার হয় দর্পণ ভাঙার
ব্যর্থ প্রয়াস।
তোমরা জেগে উঠো তাই-
লাল রক্তে রাঙেনা কালো মুখোশ,
দম্ভটা ইতিহাসের পাতায়
অপরাধীর মত লুটোলুটি খায়।
