আমার নীরব ছবি
নাসিমা খান
কবি, আমাকে তুমি চাঁদের দেশে নেবে ?
ফুল মালতী হাস্নাহেনা,জুই করবী দেবে ?
আমিও নিবো সুদূর পথে জল জঙ্গলার তীরে
তোমায় দিবো নিত্যনতুন জীবন ফিরে ফিরে!
কবি, নেবে আমায় জল স্রোতের কাছে
যেথায় নদী পদ্মা, সুরমা, নীল যমুনা নাচে,
নেবে ? দুহাত ভরে সকল নদী দেবে ?
আমিও দেবো বুকের নীচে গিরি ঝর্ণাধারা
সবুজ বনে স্নান সেরেই হবে পাগল পারা !
আমায় তুমি নীল বসনা হরিৎক্ষেত্র দেবে
গয়না, শাড়ি,হাতের চুড়ি কিনতে নিয়ে যাবে ?
আমিও দেবো উজ্বল তারা, একশ ধারাপাত
তোমায় দেবো আট কুঠুরীর নরম হীরের খাট ।
কবি, আমায় তুমি আকাশখানি দেবে ?
মেঘের বাড়ি, শাদা শাড়ী ,নীলের জলে নেবে ?
আমিও দেবো ঠোঁটের ভাজে পদ্ম ফুলের ঘ্রাণ
চায়লে দেবো ফুলের কানন শুভ্র সতেজ প্রাণ !
কবি, তোমার কাব্যশালায় কীসের ক্যানভাস
নারীর মত অঙ্গভারী,বিশাল উদ্ভাস ?
আমার ছবি, আমার মতোই ঘাড় ও বুকের ভাজ
নীরব ছবির আড়ালে কী আমার কারুকাজ ?
